© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়নস ট্রফির উন্মোচিত জার্সিতে এবার নতুন কি থাকছে?

শেয়ার করুন:
চ্যাম্পিয়নস ট্রফির উন্মোচিত জার্সিতে এবার নতুন কি থাকছে?

ছবি :সংগৃহীত

সাদমান রাফিদ
০৮:৫৮ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর জন্য উন্মোচিত হয়েছে বাংলাদেশের নতুন জার্সি। সেই জার্সিতে স্থান পাওয়া বাঘটা যেন আরও বেশি গর্জে উঠছে । গাঢ় সবুজের গভীরতা, রক্ত লালের জাগরণ, আর তার মাঝেই শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার! এ যেন শুধুই জার্সি নয়, এটি শক্তি, সাহস আর আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

নাজমুল হোসেন শান্তরা যখন দুবাইয়ের রোদের নিচে ঘাম ঝরাচ্ছেন, ঠিক তখনই ঢাকায় উন্মোচিত হলো তাদের নতুন যুদ্ধবস্ত্র। বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি।

প্রতিবারের মতো এবারও লাল-সবুজ রঙের আধিপত্য থাকলেও, রঙের গভীরতায় এসেছে নতুনত্ব। বুকের ডান পাশে বসানো হয়েছে ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর আয়োজক পাকিস্তান এর লোগো, আর বাঁ পাশে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতীক। দুই হাতায় লাল আর সবুজের মিশ্রণ, যা প্রতিফলিত করে জাতির আবেগ।

এবারের জার্সির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো রয়েল বেঙ্গল টাইগার! সামনের অংশে বাঘের প্রতিচ্ছবি, কিন্তু শুধু ছবি নয়, এটি যেন বেরিয়ে আসছে নিজের গণ্ডি ভেঙে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বললেন, ‘বাঘ এবার নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। আত্মবিশ্বাসী, শক্তিশালী, নির্ভার। ঠিক যেমনটা আমরা দেখতে চাই আমাদের ক্রিকেটারদের মধ্যে।

মন্তব্য করুন