যে হতাশায় এখনও ওষুধ খেতে হয় ডি মারিয়াকে
ছবি: সংগৃহীত
০১:৩২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
২০২২ সালে কাতার বিশ্বকাপে ৩৬ বছরের বিশ্বকাপ খরার অবসান ঘটে আর্জেন্টিনার। তবে এই শিরোপা তারা আরও ৮ বছর আগেই জিততে পারত। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু সেবার অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে যায় তারা। তবে শুধু বিশ্বকাপের ফাইনালেই নয়, এরপর টানা দুটি কোপা আমেরিকার ফাইনালেও হারতে হয়েছে আলবিসেলেস্তেদের।
সময় অবশ্য তাদের ক্ষতিপূরণও দিয়েছে। গত ৪ বছরে আর্জেন্টিনা বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছে। গত বছর সবশেষ কোপা আমেরিকায় দলকে চ্যাম্পিয়ন্স করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন অ্যানহেল ডি মারিয়া। বিশ্বচ্যাম্পিয়ন এবং মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি খুলে রাখলেও সেই তিন ফাইনালে হারের দুঃস্বপ্ন তাকে তাড়া করে এখনও। হ্যাটট্রিক ফাইনালে হারের হতাশা এবং চাপ কাটিয়ে উঠতে এখনও তাকে ওষুধ গ্রহণ করতে হচ্ছে।
২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপাখরা কাটে। এরপর কাতার বিশ্বকাপেও শিরোপা ঘরে তোলে তারা। সবশেষ গত বছর টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনা টানা দুটি মহাদেশীয় শিরোপা ও একই সঙ্গে বিশ্বকাপের শিরোপা জিতেছে। আর এই তিন টুর্নামেন্টেই আলবিসেলেস্তেদের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন ডি মারিয়া। প্রথম দুই ফাইনালেই গোলও করেছেন তিনি।
কিন্তু এরপরও মাত্র তিন বছরের মধ্যে টানা তিনটি ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না ডি মারিয়া। ইনফোবেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'সেই কারণে (হ্যাটট্রিক ফাইনাল হার) আমাকে আজও ওষুধ খেতে হচ্ছে। আমি এটা (ওষুধের মাত্রা) কমাতে সক্ষম হয়েছি। এখন আমি আগের চেয়ে ভালো অনুভব করছি, কিন্তু এটি কিছুটা আসক্তির মতোও ... এগুলো এমন কিছু যা আপনার সঙ্গে থেকে যাবে, যা আপনার দিকে আঙুল তুলবে।'
আর্জেন্টিনার জার্সি গায়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন ডি মারিয়া। যা নিয়ে তৃপ্তি আছে, কিন্তু এই সঙ্গে আছে দুঃখবোধ। এই দুঃখবোধ আর্জেন্টিনার জার্সিতে শিরোপার উৎসবে ভাগীদার হতে না পারা সাবেক সতীর্থদের জন্য, 'যে ছেলেরা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং জিততে পারেনি তাদের কজনকে মানুষ স্মরণ করে? খুব অল্প, এটা আমার কাছে অন্যায্য মনে হয়। সেই ছেলেদের কথা কয়জনে বলে? কেউ না। খুব কম মানুষ আপনাকে বলবে তারা কেমন খেলত। আমি এটা অনেকবারই বলেছি যখন আমরা বিশ্বচ্যাম্পিয়ন্স হয়েছি, যখন আমরা কোপা আমেরিকা জিতেছি, আমি সবসময় বলেছি এই ট্রফিটা আগের প্রজন্মেরও।'
বেনফিকার হয়ে এখনও শীর্ষ পর্যায়ের ফুটবল মাতাচ্ছেন ডি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা কিংবদন্তির ফুটবল নিয়ে আর কোনো আক্ষেপ নেই, 'আমি ১৬ বছর সেখানে(জাতীয় দল) ছিলাম, এটা একটা ক্লাবের মতোই ছিল। এটা কঠিন (অবসরের সিদ্ধান্ত), কিন্তু আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এটা স্বাভাবিক যে এটা আমাকে প্রলুব্ধ করে,কারণ এটা জাতীয় দল। আমি যা যা অর্জন করতে চেয়েছি সবই পেয়েছি। আমি যেভাবে যেতে চেয়েছিলাম, সেভাবেই বিদায় নিতে পেরেছি...আশা করি আমি ফের কোনোদিন সেখানে থাকব, ভিন্ন কোনো পরিচয়ে।'