© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলের সঙ্গে আফগান জার্সিতে খেলতে চান মোহাম্মদ নবী

শেয়ার করুন:
ছেলের সঙ্গে আফগান জার্সিতে খেলতে চান মোহাম্মদ নবী

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। গত বছর নভেম্বরেই ঘোষণা দিয়েছিলেন যে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে এখন মনে হচ্ছে, ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার আরও কিছুদিন খেলতে পারেন।

নবীর স্বপ্ন শুধু নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করা নয়, তিনি জাতীয় দলে খেলতে চান নিজের ছেলে হাসান আইসাখিলের সঙ্গে! ছেলের সঙ্গে একই দলে খেলার স্বপ্ন দেখছেন নবী, যা ক্রিকেট বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত হতে পারে।

আইসিসির সঙ্গে আলাপে অভিজ্ঞ ক্রিকেটার বললেন, ভবিষ্যৎ নিয়ে এখনও ভাবছেন তিনি।

“ওয়ানডেতে এটা (চ্যাম্পিয়ন্স ট্রফি) আমার শেষ নাও হতে পারে, হয়তো ওয়ানডে কম খেলব এবং তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেব। আমি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি এবং সর্বোচ্চ পর্যায়ের ম্যাচগুলোতে হয়তো আমাকে দেখা যাবে, হয়তো নয়, সবকিছু নির্ভর করছে আমার ফিটনেসের ওপর।”

নাবির ১৮ বছর বয়সী ছেলে হাসান টপ অর্ডার ব্যাটসম্যান। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন তিনি। ছেলের সঙ্গে দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন নাবি।

“এটা (আফগানিস্তান দলে খেলের সঙ্গে খেলা) আমার স্বপ্ন। আশা করি, আমরা তা পারব। সে খুব ভালো করছে... সে কঠোর পরিশ্রমী এবং তাকে পরিশ্রম করার জন্য আমি বলছিও।”

“আমি চাই সে নিজের লক্ষ্য তৈরি করুক, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটার হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। ৫০ বা ৬০ রান করা যথেষ্ট নয়, একশর বেশি রান করতে হবে। যখন সে আমার সঙ্গে কথা বলে, তখন তাকে খেলার জন্য আত্মবিশ্বাস জোগাতে পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে আফগানিস্তান খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টের জন্য নিজের প্রস্তুতি ভালো হয়েছে বলেই মনে করছেন নাবি।

“চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ভালো হয়েছে। আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলায় ব্যস্ত ছিলাম, সেখানে চ্যাম্পিয়ন হয়েছি (ফরচুন বরিশালের হয়ে)। আবু ধাবিতে জাতীয় দলের সঙ্গে তিনটি অনুশীলন সেশন করেছি, তাই আমি ভালো অবস্থায় আছি।”

“ফাইনালে কঠিন অবস্থা থেকে বিপিএল জয় আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো করেছি এবং আমার পারফরম্যান্সও ভালো ছিল, বোলিং-ব্যাটিং উভয় ক্ষেত্রেই, চার-পাঁচটি ম্যাচে আমি কাজ শেষ করে ফিরে দলকে সাহায্য করেছি।"

আগামী শুক্রবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।

মন্তব্য করুন