© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে শুরু চ্যাম্পিয়নস ট্রফি

শেয়ার করুন:
আজ থেকে শুরু চ্যাম্পিয়নস ট্রফি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্বের সেরা আট ক্রিকেট দলের লড়াই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু আজ। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় ক্রিকেট দল দেশটি সফর করতে রাজি না হওয়ায় এবার ‘হাইব্রিড’ মডেলে হবে বনেদি এ আসর।

বিশ্বের সেরা আট ক্রিকেট দলের লড়াই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু আজ। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় ক্রিকেট দল দেশটি সফর করতে রাজি না হওয়ায় এবার ‘হাইব্রিড’ মডেলে হবে বনেদি এ আসর। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আজ করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নবম চ্যাম্পিয়নস ট্রফি আসরের, যা আগামী ১৯ দিন উত্তাপ ছড়াবে ক্রিকেট বিশ্বে।

২০১৭ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর বিরতি দিয়ে আবার ফিরেছে বিশ্বের শীর্ষ র‍্যাংকধারী আট দলের এ লড়াই। সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এরপর আইসিসির পরিকল্পনা থেকে বাদ পড়ে আসরটি। যদিও আইসিসি প্রতি বছর একটি করে বড় ইভেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করলে আবারো চ্যাম্পিয়নস ট্রফি ফেরানো হয় এবং এবার আয়োজক হিসেবে বেছে নেয়া হয় পাকিস্তানকে।

১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। এ আয়োজন ঘিরে পাকিস্তানে এখন উৎসব। যদিও চিরবৈরী দেশ ভারতের ক্রিকেট দল এ আসরে খেলতে পাকিস্তানে না যাওয়ায় রঙ হারালো আসরটি। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকি তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও ম্যাচগুলো দুবাইতে হবে বলে আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। বাকি সাত দলের প্রত্যেকেই পাকিস্তানে ম্যাচ খেলবে।

‘হাইব্রিড’ মডেলের এ আসরের পর্দা উঠছে আজ। করাচিতে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন।

প্রায় তিন দশক পর ঘরের মাঠে প্রথম আইসিসি আসরটি রাঙাতে মরিয়া পাকিস্তান। আইসিসি টুর্নামেন্টে প্রথমবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দিতে চলা মোহাম্মদ রিজওয়ানও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে ঘরের মাঠে শিরোপা জিততে চান। গত বছর দায়িত্ব নেয়ার পর এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন। সদ্যই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলে প্রস্তুতি সেরে নেয়া পাকিস্তান এবার বড় মিশনে নামছে।

শিরোপা ধরে রাখার সুযোগ নিয়ে রিজওয়ান আইসিসিকে বলেছেন, ‘ক্রিকেট পাগল দেশ হিসেবে আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ নিয়ে খুবই শিহরিত। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করায় বড় ইভেন্টে আমাদের ঘিরে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। আমরা ঘরের মাঠে আট দলের এ আসরে ভালো করতে উদগ্রীব হয়ে আছি।’

২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক আসরের শিরোপা জয় করে নিউজিল্যান্ড। তখন আসরটির নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। সেটাই তাদের প্রথম ও শেষ আইসিসি ট্রফি। ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপার কাছাকাছি গিয়েও ব্যর্থ হয় তারা।

মন্তব্য করুন