© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিব প্রসঙ্গে মুখ খুললেন নতুন সভাপতি

শেয়ার করুন:
সাকিব প্রসঙ্গে মুখ খুললেন নতুন সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ৩১ মে, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং আশাবাদও জানান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আলোচনায় আসে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বিষয়টিও।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। গত অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানালেও, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে দেশে আসতে নিরুৎসাহিত করেন। ফলস্বরূপ, ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড চেষ্টা করা সত্ত্বেও অক্টোবরে ভারত সফরের পর থেকে সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি।

এই পরিস্থিতিতে নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম কি সাকিবকে দেশে ফেরাতে সরকারি মহলে রাজি করাতে পারবেন? এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম স্পষ্ট করে বলেন, "উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর (বিসিবির) নির্বাচক নন।

এটি আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে। নির্বাচকেরা সেই পদ্ধতি অনুসরণ করবেন এবং তাঁদের সিদ্ধান্তকে আমরা পূর্ণ সম্মান জানাব।"

সাকিব নিঃসন্দেহে একজন বড় মাপের তারকা, তবে জাতীয় দলে ফিরতে হলে তাকে অবশ্যই ফিট থাকতে হবে, এমন ইঙ্গিতও দেন নতুন বিসিবি সভাপতি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবেন এবং ভালো ক্রিকেট খেলবেন।"

আরএ/এসএন

মন্তব্য করুন