© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি প্রো লিগের পর সৌদি কাপও উঠল আল-ইত্তিহাদের হাতে

শেয়ার করুন:
সৌদি প্রো লিগের পর সৌদি কাপও উঠল আল-ইত্তিহাদের হাতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ৩১ মে, ২০২৫
ক’দিন আগেই সৌদি প্রো লিগ জিতেছে বেনজেমার দল আল-ইত্তিহাদ। এবার সৌদি কাপও ঘরে তুললো দলটি।

শুক্রবার (৩০ মে) রাতে ফাইনালে আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারিয়েছে আল-ইত্তিহাদ। দুই গোল করে জয়ের নায়ক ফরাসি তারকা করিম বেনজেমা।

এর আগে সৌদি প্রো লিগ জয়েও বড় অবদান রেখেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমা। ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা এবার পেলেন সৌদি প্রো লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনাল ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আল-ইত্তিহাদের। তবে কোনোভাবেই প্রতিপক্ষের রক্ষণে চির ধরাতে পারছিল না তারা। ২১তম মিনিটে সুযোগ হাতছাড়া করেন মুসা দিয়াবি। ৩২তম মিনিটে আল-কাদিসিয়াহর ডিফেন্ডার সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক নাচোর হাতে বল লাগে বক্সের ভেতর। তবে ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেননি রেফারি।

তার দুই মিনিট পরই স্টিভেন বারহাইনের ক্রস বক্সে পেয়ে যান বেনজেমা। পোস্টের কাছ থেকে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন এই তারকা।

৪৩তম মিনিটে বেনজেমার হেড কোনোমতে ফেরান আল-কাদিসিয়াহর গোলরক্ষক। তবে তাতে শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে টোকায় গোল করেন ফাঁকায় থাকা হাউসেম আওয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে একটি গোল শোধ করেন আল-কাদিসিয়াহর পিয়েরে-এমেরিক অবামেয়াং।

৮১তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল-কাদিসিয়াহর এসেকিয়েল ফের্নান্দেস।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। আর তাতে ৩-১ গোলের জয়ে শিরোপাৎসবে মেতে ওঠে আল-ইত্তিহাদ। এই নিয়ে দশমবার কাপ জিতলো আল-ইত্তিহাদ।

আরএম/এসএন

মন্তব্য করুন