রোববার গেজেট জারির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ২১ জুন, ২০২৫
<div><div>আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস করে আগামীকাল রোববার গেজেট...
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস করে আগামীকাল রোববার গেজেট জারি করবে সরকার। তার আগে সকালে অনুষ্ঠেয় এক সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের এই সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তি নিয়ে কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করতে করণীয় নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার (২২ জুন) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ওই দিনই বাজেট পাস হওয়ার গেজেট জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।
জাতীয় সংসদ কার্যকর না থাকায় এ বছর প্রস্তাবিত বাজেট এভাবে পাস হবে, যা আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১২ মে এনবিআর বিভক্তির অধ্যাদেশ গেজেট জারির পর বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করার বিষয়েও—উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। এ জন্য অধ্যাদেশে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সভায়।
এসএম/টিকে