© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেনাডা টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

শেয়ার করুন:
গ্রেনাডা টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ০৭ জুলাই, ২০২৫
বার্বাডোজে প্রথম টেস্ট জয়ের পর গ্রেনাডা টেস্টেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজি বোলারদের দাপটে চতুর্থ দিনেই শেষ হলো গ্রেনাডা টেস্ট। আর তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজও নিজেদের করে নিল কামিন্সের দল।

৭ উইকেটে ২২১ রানে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ২২ রান যোগ করতেই বাকি উইকেটগুলো হারায়। ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেন স্টিভ স্মিথ (৭১)। প্রথম ইনিংসে ৩৩ রানে লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানে।

কিন্তু ৩৩ রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। পঞ্চম উইকেটে শাই হোপ ও রোস্টন চেজের ৩৮ রানের জুটি ছিল সর্বোচ্চ। এই জুটি ভাঙার পর ৩২ রানের ব্যবধানে আরও চার উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। ১০৩ রানে ৮ উইকেট পতনের পর হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ তিন উইকেট নিয়ে লায়ন জয়ের আনুষ্ঠানিকতা সারেন।




ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক চেজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে শামারের ব্যাটে। মাত্র ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার বোলাররা ছিল দুর্দান্ত। স্টার্ক ও লায়ন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান জশ হ্যাজেলউড। আর একটি করে উইকেট পান কামিন্স ও বিউ ওয়েবস্টার। প্রথম ইনিংসে ৬৩ এবং দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।

কিংস্টনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ জুলাই।  

এমআর/টিকে 

মন্তব্য করুন