ফের বিতর্কে নেইমার, গোল না করেই কর্ণার ফ্ল্যাগে লাথি
ছবি: সংগৃহীত
০১:১১ পিএম | ২৫ জুলাই, ২০২৫
নেইমার জুনিয়র মানেই মাঠ ও মাঠের বাইরে নাটকীয়তা ,সেটাই যেন ফের প্রমাণ করলেন ব্রাজিলিয়ান তারকা। তবে এবার তিনি যেন পেরিয়ে গেলেন সব সীমা।
ব্রাজিলের শীর্ষ লিগের ম্যাচে বুধবার রাতে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে সান্তোস। তবে হার নয়, আলোচনার কেন্দ্রে এখন নেইমারের একের পর এক বিতর্কিত কাণ্ড।
প্রথমার্ধ শেষে টানেলে ড্রেসিংরুমে ফেরার সময় ইন্টার গোলকিপার সার্জিও রোচেতের সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেইমার। ম্যাচ শেষে নতুন নাটক। গ্যালারিতে উঠে সান্তোসের এক সমর্থকের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ নেইমার ওই সমর্থককে দেন ‘সরাসরি লড়াইয়ের’ আহ্বান!
তবে সবচেয়ে বিব্রতকর মুহূর্তটি আসে যোগ করা সময়ের একেবারে শেষ মিনিটে।
বাঁ পায়ে নেওয়া এক ভলি ইন্টার গোলরক্ষক রোচেত রুখে দেন, বল পোস্টে লেগে পড়ে গোললাইনের কাছে।
গোল হয়েছে ভেবে নেইমার ছুটে যান গ্যালারির দিকে, শুরু করেন উদযাপন। খুশিতে লাথি মেরে ভেঙে ফেলেন কর্নার ফ্ল্যাগ!
কিন্তু মুহূর্ত পরে পেছনে ফিরে দেখেন খেলা চলছে,গোল তো হয়নি! গোললাইনে বল থামিয়ে দিয়েছেন রোচেত।
গোল না করেই উদযাপন,তাও আবার কর্নার ফ্ল্যাগ ভেঙে নেইমারকে এর জন্য হতে হয়েছে চরম বিব্রত।
এমকে/এসএন