© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশি-বিদেশি গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে : আখতার

শেয়ার করুন:
দেশি-বিদেশি গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে : আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ পিএম | ২৬ জুলাই, ২০২৫

দেশি-বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রকে সহ্য করব না।


আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আখতার হোসেন বলেন, গত জুলাইয়ে আমাদের ভাইদের গুলি করে ঝাজরা করেছে; হাসিনার প্রশাসন, হাসিনার পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছে; আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে।

আমাদের সেই শহীদ ভাইদের শপথ, যে আকাঙক্ষা থেকে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙক্ষা পুরণ না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না।

তিনি বলেন, আমাদের লড়াই বাংলাদেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা নানাভাবে বঞ্চিত। এই মৌলভীবাজারে যারা চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন তাদের ন্যায্য মুজুরি দেওয়া হয় না।

সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমাদের লড়াই।

তিনি আরো বলেন, এই বাংলাদেশে কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো আমলা, কোনো পুলিশ সদস্যকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে চাই না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাদেরকে জনগণের কাছে পরিস্কার থাকতে হবে।

আখতার হোসেন বলেন, কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে।

এই পাচার অর্থনীতি, লুটেরা অর্থনীতি, উন্নয়নের মুলা ঝুলানোর অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না।

এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ।


 পিএ/টিকে 

মন্তব্য করুন