© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইলস্টোনের ঘটনায় বার্সেলোনার পর শোক জানালো ম্যানচেস্টার ইউনাইটেড

শেয়ার করুন:
মাইলস্টোনের ঘটনায় বার্সেলোনার পর শোক জানালো ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ পিএম | ২৬ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত পুরো দেশ।

শনিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এই হৃদয়বিদারক ঘটনায় আন্তর্জাতিক পর্যায়েও দেখা দিয়েছে গভীর সহমর্মিতা।

এর আগে, ২৩ জুলাই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এক চিঠির মাধ্যমে শোক জানায়। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও প্রকাশ করলো তাদের শোক ও সমবেদনা।

শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে ক্লাবটি লিখে, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

এর আগে বার্সেলোনা ক্লাব ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’ নামে বাংলাদেশি সমর্থক সংগঠনের কাছে পাঠানো চিঠিতে বলেছিল, “সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে, দেশের ক্রীড়াঙ্গনেও চলছে শোক প্রকাশের ধারা। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর বাংলাদেশ নারী দল তাদের ট্রফি উৎসর্গ করেছে নিহতদের উদ্দেশ্যে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ-পাকিস্তান চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

জাতীয় পর্যায়ে এ দুর্ঘটনা যেমন শোকের ছায়া ফেলেছে, তেমনি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সহানুভূতিও প্রকাশ পেয়েছে বার্সা ও ইউনাইটেডের মতো বিশ্বখ্যাত ক্লাবগুলোর উদ্যোগে।

টিকে/

মন্তব্য করুন