© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ

শেয়ার করুন:
বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ এএম | ২৭ নভেম্বর, ২০২৫
সিলেট ও ঢাকার ব্যস্ত সূচি শেষ করে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। আজ সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের সবক’টি ম্যাচই এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টিতে ২০২৫ সাল বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে কর্মব্যস্ত বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই বছরের শেষ টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিই হবে বছরের রেকর্ড ২৮তম টি-টোয়েন্টি। সিরিজ শেষে ডিসেম্বরেই শুরু হবে বিপিএল, আর ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তাই বৈশ্বিক টুর্নামেন্টের আগে এটিই জাতীয় দলের শেষ প্রস্তুতি সিরিজ।

গত মাসে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের কষ্ট এখনো দগদগে। সহজ লক্ষ্য তাড়া করতেও ব্যর্থ হয়েছিল দল, ব্যাটারদের ছিলেন ব্যর্থতার বৃত্তে আটকে। তবে এই সিরিজ দিয়েই ব্যাটাররা ছন্দে ফিরবে বলে আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস।

সাম্প্রতিক সিরিজগুলোতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এবার লক্ষ্য শুধু জয় নয় -বিশ্বকাপের আগে কৌশল ও দলগত সমন্বয় আরও নিখুঁত করা। বছরটি জয়ে শেষ করতে মরিয়া বাংলাদেশ, আর নতুন সূচনা খুঁজবে আয়ারল্যান্ড। বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে নিজেদের শেষবারের মতো ঝালাইয়ের সুযোগটি সর্বোচ্চ কাজে লাগাতে চায় লিটন দাসের দল।

সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

পিএ/এসএন

মন্তব্য করুন