© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন ছবি মুক্তির আগে সমালোচনার কেন্দ্রে কার্তিক

শেয়ার করুন:
নতুন ছবি মুক্তির আগে সমালোচনার কেন্দ্রে কার্তিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ এএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত নতুন ছবি ‘তু মেরি মঁয় তেরা, মঁয় তেরা তু মেরি’-র ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। রঙিন দৃশ্য, হালকা মেজাজ আর রোমান্টিক আবহে ভরা এই ঝলক দেখে কার্তিক-অনন্যার অনুরাগীরা যেমন উচ্ছ্বসিত, তেমনই শুরু হয়েছে আরেকটি বড় বিতর্ক। প্রশ্ন উঠছে, বলিউড কি ইচ্ছাকৃতভাবেই কার্তিক আরিয়ানকে অতিরিক্ত উচ্চতায় তুলে ধরছে?

কার্তিকের কৌতুক অভিনয় একসময় দর্শকের মন জয় করেছিল। বিশেষ করে ‘প্যায়ার কা পঞ্চনামা’ কিংবা ‘ভুল ভুলাইয়া’-র মতো ছবিতে তাঁর সংলাপ বলার ধরন প্রশংসিত হয়। কিন্তু সাম্প্রতিক ছবিগুলোতে অনেকেরই অভিযোগ, আবেগের গভীরতায় তিনি একই জায়গায় আটকে আছেন। চরিত্র বদলালেও সংলাপ বলার ভঙ্গি আর অভিব্যক্তিতে নাকি নতুনত্ব দেখা যাচ্ছে না। এই ধারাবাহিক পুনরাবৃত্তিই এখন অনলাইনে সমালোচনার বড় কারণ হয়ে উঠেছে।

এই বিতর্কে শুধু অভিনেতাই নন, কাঠগড়ায় উঠে এসেছে প্রযোজনা সংস্থাও। দর্শকের একাংশ মনে করছেন, ঝকঝকে উপস্থাপনা আর বড় প্রচারণার জোরে একই ধরনের গল্প বারবার সামনে আনা হচ্ছে। নতুন ভাবনা, ঝুঁকিপূর্ণ গল্প বা বাস্তবধর্মী সিনেমার অভাব স্পষ্ট। কেউ কেউ সাম্প্রতিক কিছু সংবেদনশীল ও মাটির কাছাকাছি ছবির উদাহরণ টেনে বলছেন, বলিউডের প্রয়োজন এখন বাহুল্যের নয়, বরং সাহসী গল্প বলার।

সব বিতর্কের মাঝেও ছবিটি মুক্তির সূচি বদলায়নি। বড়দিনে মুক্তি পাওয়ার লক্ষ্যে তৈরি এই ছবি পরিচালনা করেছেন কার্তিকের আগের সফল সহযোগী সমীর বিদ্বান্স। প্রযোজনায় রয়েছে বড় দুই সংস্থা। ফলে বক্স অফিসে ছবিটি কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে কৌতূহল কম নয়। এই ছবি কি কার্তিকের ওপর তৈরি হওয়া সন্দেহ ভাঙতে পারবে, নাকি সমালোচকদের বক্তব্যই আরও জোরালো হবে সেই উত্তর দেবে সময়ই।

তবে একথা অস্বীকার করার উপায় নেই, এই ট্রেলার শুধু একটি ছবির প্রচার নয়, বরং বলিউডের বর্তমান পরিচয় সংকটকেও নতুন করে সামনে এনে দিয়েছে। দর্শক এখন বিনোদনের পাশাপাশি সত্যিকারের অভিনয় আর গল্প খুঁজছে, এই বার্তাই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে।

আইকে/টিকে

মন্তব্য করুন