© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র ছিলেন বেগম খালেদা জিয়া: নুরুল হক নুর

শেয়ার করুন:
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র ছিলেন বেগম খালেদা জিয়া: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ এএম | ৩১ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এর আগে নুরুল হক গুলশান কার্যালয়ে যান এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে সদ্য প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

সাংবাদিকদের উদ্দেশে নুরুল হক বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া কেবল বিএনপি বা জাতীয়তাবাদী দলের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং গোটা দেশের মানুষ আজ স্তব্ধ ও বাকরুদ্ধ। স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলন থেকে শুরু করে যখনই দেশের গণতন্ত্র কোনো সংকটে পড়েছে, তখনই আমরা তাঁর সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা নেতৃত্ব প্রত্যক্ষ করেছি।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, কারাগারের ভেতরে ও বাইরে থেকে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার যে সংগ্রাম চালিয়েছেন, তারই ফলশ্রুতিতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকের এই নতুন পরিবেশ পেয়েছি।

নুরুল হক আরও বলেন, জাতীয় সংকট এখনো পুরোপুরি কাটেনি। তবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমরা কিছুটা পথ অতিক্রম করতে পারব। এই সংকটময় পথে খালেদা জিয়া ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তার প্রয়াণে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, জাতীয় পর্যায়ে এক বড় ধরনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টায় ইন্তেকাল করেন।

তার জানাজা কাল বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এমআর/টিএ 

মন্তব্য করুন