© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনোয়ার উল্লাহর প্রাণহানির ঘটনায় মহানগরী জামায়াতের গভীর শোক

শেয়ার করুন:
আনোয়ার উল্লাহর প্রাণহানির ঘটনায় মহানগরী জামায়াতের গভীর শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৬
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় জামায়াত নেতা মোহাম্মদ আনোয়ার উল্লাহ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এক যৌথ শোকবাণীতে এই শোক জানান।

নেতারা বলেন, ‘মরহুম মোহাম্মদ আনোয়ার উল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে অবিচল ও আপসহীন ছিলেন। তিনি একজন সমাজসেবক ও সজ্জন ব্যক্তি হিসাবে সমাজে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম’।

তারা মরহুমের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আইনশৃঙ্খলার অবনতির উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে দুটি রাজনৈতিক নেতার হত্যার ঘটনা দুঃখজনক। দ্রুততম সময়ে হত্যার কারণ উদঘাটন করা, দায়ীদের আটক এবং শাস্তি করতে হবে। না হয় মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারাবে।

মহানগরী নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়ে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।

মহানগর উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ও রুকন, অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আনোয়ার উল্লাহকে গত ১২ জানুয়ারি দিবাগত রাতে পশ্চিম রাজাবাজারস্থ বাসার গ্রিল কেটে একদল দুর্বৃত্ত প্রবেশ করে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। সন্ত্রাসীরা তার বাসার স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে তার ১ম সালাতুল জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আনোয়ার উল্লাহ’র মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে নিয়ে যাওয়া হয় এবং ২য় সালাতুল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এসকে/টিএ

মন্তব্য করুন