‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির পরই বলিউডে ঝড় তুলেছিলেন হৃতিক রোশন। রাতারাতি নতুন প্রজন্মের হৃদয়ের নায়ক হয়ে ওঠেন তিনি। সেই সময়েই অনুরাগী মহলে গুঞ্জন ছড়ায়, বলিউডের দীর্ঘদিনের ‘কিং’ শাহরুখ খানের সিংহাসন নাকি টলতে শুরু করেছে। রটতে থাকে, হৃতিকের অভূতপূর্ব জনপ্রিয়তায় নাকি অস্বস্তিতে পড়েছেন শাহরুখ, দুই তারকার সম্পর্কেও নাকি তৈরি হয়েছে তিক্ততা। ঠিক সেই আবহেই এক দিন হঠাৎ একটি রেস্তরাঁয় মুখোমুখি হয়ে যান দু’জন।
মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তরাঁর মালিক এডি সিংহ সম্প্রতি সেই ঘটনার স্মৃতি উস্কে দেন। তাঁর কথায়, তখন চারদিকে শাহরুখ ও হৃতিকের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে জোর চর্চা। এমনকি অনেকেই মনে করতেন, সামনাসামনি পড়লে নাকি অশান্তিও হতে পারে। সেই সময় এক সন্ধ্যায় শাহরুখ বসে খাচ্ছিলেন তাঁর রেস্তরাঁয়। আচমকাই দরজা ঠেলে ঢোকেন হৃতিক। মুহূর্তের মধ্যে চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। উপস্থিত সকলের মনেই আশঙ্কা, বুঝি কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
কিন্তু যা ঘটেছিল, তা একেবারেই উল্টো। এডির বর্ণনায়, হৃতিককে ঢুকতে দেখে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান শাহরুখ। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন তাঁকে। হাসিমুখে শুভেচ্ছা জানান নবাগত তারকার সাফল্যের জন্য। হৃতিকও সমান উষ্ণতায় অভিবাদন জানান। কয়েক মুহূর্তের সেই সৌজন্য বিনিময়েই ভেঙে যায় সমস্ত জল্পনা। উপস্থিত সকলেই বুঝে যান, দুই তারকার সম্পর্কের তিক্ততার গল্প আসলে শুধুই গুজব।
পিআর/টিকে