জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘শীতকালের অতিথি পাখিদের মতো সুবিধাজনক সময়ে আমেরিকা-লন্ডন থেকে ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল। অসময়ে আর তাদের খুঁজে পাওয়া যাবে না।’
রোববার (১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে পথসভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে প্রচারণায় যান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
আসিফ মাহমুদ বলেন, ‘জনগণ কোন বিদেশি নাগরিক, ঋণ খেলাপীদের ভোট দিতে পারে না। ১১ দলীয় জোট বিজয়ী হলে, একটি স্মার্ট কার্ড, একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল সেবা দেওয়া হবে। বিভিন্ন অফিসে দৌড়াতে হবে না। কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড আর ভাতার কথা বলছে, কিন্তু দীর্ঘদিন মানুষ যেজন্য সংগ্রাম করেছে, আগ্রাসন বিরোধী লড়াই করছে- এসব নিয়ে তারা একটি কথাও বলেনি।’
তিনি বলেন, ‘ভোটটা তাকেই দেন যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে।’ দুর্নীতিবাজ মুক্ত, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দিতে সিরাজগঞ্জবাসীর প্রতি আহবান জানান আসিফ।
দিল্লির স্বঘোষিত একটি দল ছাড়া সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। জেলার ঐতিহ্যবাহী তাঁত-বস্ত্র ও দুগ্ধ শিল্পকে এগিয়ে নিতে ১১ দলীয় জোটে ভোট চান তিনি।
এসএস/টিকে