সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন একটা লম্বা সময় ঝড়ের মধ্য দিয়ে গিয়েছেন। কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। পরে তিনি ট্রান্সপ্ল্যান্ট করেন।
আজ তিন বছর হলো কিডনি ট্রান্সপ্ল্যান্টের। এই দিনটিতে আবেগময় একটি পোস্ট দিয়েছেন আলিফ।
রবিবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার কিডনি প্রতিস্থাপনের তিন বছর পূর্ণ হলো-অনুগ্রহ, দৃঢ়তা আর জীবনের এক নতুন সুযোগের তিন বছর। ঝড়ের ভেতর দিয়ে আমাকে টেনে এনে এই আলোয় পৌঁছে দেওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতায় মাথা নত করি।
জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পার করে আজ এখানে দাঁড়িয়ে থাকা শুধুই তাঁর অশেষ রহমত।’
এই কঠিন সময়ে আলিফ আলাউদ্দিনের পাশে দাঁড়িয়েছিলেন স্বামীসহ অনেকেই। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘আমার স্বামীকে-আমার নির্ভরতা, আমার অভিভাবক, আমার শক্তি-যিনি আমার সবচেয়ে ভঙ্গুর সময়গুলোতেও নিঃশর্ত ভালোবাসায় আমাকে আগলে রেখেছেন, যেন আমি ছিলাম তার পুরো পৃথিবী। আমার কন্যাকে-যে তার বয়সের অনেক ঊর্ধ্বে উঠে অসীম সাহস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে।
আমার পরিবার ও শ্বশুরবাড়ির মানুষদের-যারা ছিলেন আমার অটল ভরসা, আমার শক্ত স্তম্ভ। সুমন ভাই, আমার বন্ধু এবং সব শুভানুধ্যায়ীকে-যাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাস আমাকে ভেঙে পড়তে দেয়নি-সবার প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।’
সেই ট্রান্সপ্ল্যান্টের পর জীবনকে নতুনভাবে চিনেছেন আলিফ আলাউদ্দিন। লিখেছেন, ‘সেই অস্ত্রোপচারের পর থেকে প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন। এমন এক জীবন, যাকে আমি কখনোই হালকাভাবে নিই না।
এমন এক জীবন, যাকে আমি গভীরভাবে ভালোবাসি, যত্নে আগলে রাখি। আমি এখানে আছি। আমি দাঁড়িয়ে আছি। আমি কৃতজ্ঞ। বেঁচে থাকার জন্য চিরকৃতজ্ঞ।’
এমআই/এসএন