বাবার মৃত্যুতে ছুটিতে ছিলেন ইব্রাহিমা কোনাতে, কিন্তু দলকে ভুগতে দেখে মাঠে ফেরেন তিনি ছুটি শেষের আগেই। বাবা হারানো কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের
চোটের থাবায় মাঠের বাইরে চার ডিফেন্ডার। বাবার মৃত্যুতে ছুটিতে ছিলেন ইব্রাহিমা কোনাতেও। রক্ষণভাগ নিয়ে সমস্যায় থাকা লিভারপুলকে সাহায্য করতে এগিয়ে এলেন তিনিই। শোক কাটিয়ে ওঠার আগে মাঠে ফিরলেন ফরাসি ফুটবলার। দলের স্বার্থের কথা ভেবে তার এমন সিদ্ধান্ত মন ছুঁয়ে গেছে কোচ আর্না স্লটের।
শুধু মাঠেই ফেরেননি ২৬ বছর বয়সী কোনাতে, ঘরের মাঠে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সও উপহার দেন তিনি। ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে জালের দেখাও পান লিভারপুলের সেন্টার-ব্যাক।
বাবার মৃত্যুতে লিভারপুলের আগের তিন ম্যাচে খেলেননি কোনাতে। নিউক্যাসলের বিপক্ষেও খেলার কথা ছিল না তার। কিন্তু রক্ষণে দলকে ভুগতে দেখে বসে থাকতে পারেননি তিনি। ছুটে আসেন দলকে সহায়তা করার জন্য।
বাবা হারানোর পর ফেরার ম্যাচটি স্মরণীয় করে রাখা কোনাতের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্লট। দলের প্রতি এই ফুটবলারের এমন নিবেদন মনে ধরেছে লিভারপুলের এই ডাচ কোচের।
“তার জন্য গত দুই সপ্তাহ খুবই কঠিন ছিল। এই সপ্তাহের শেষের দিকে ফেরার পরিকল্পনা করেছিল, অর্থাৎ এই ম্যাচে সে খেলতে পারত না। কিন্তু যখন সে দেখল, রক্ষণভাগে আমরা ভুগছি, সে চলতি সপ্তাহের শুরুতে আমাকে ফোন করে বলল, ‘নিউক্যাসলের বিপক্ষে দলকে সাহায্য করার জন্য ফিরে আসতে চাই’।”
“সে বুধবার ফিরে এলো এবং আমাদের সঙ্গে দুটি অনুশীলন সেশন করল। সে কেবল গোলই করেনি, দুর্দান্ত খেলেছে এবং পুরো ম্যাচ জুড়ে সমর্থকরাও তাকে প্রশংসায় ভাসিয়েছে, বিশেষ করে গোল করার পর।”
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে ছয় গজ বক্সে জটলার মধ্যে বল পেয়ে লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন কোনাতে। গোল করার পর তাকে কাঁদতে দেখা যায়। তখন আলিসনসহ দলের অন্য সতীর্থরা এসে তাকে সান্ত্বনা দেন। দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান অ্যানফিল্ডের দর্শকরা। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে আগেভাগে মাঠে ফেরার কারণ জানান কোনাতে।
“এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি, সেটা বর্ণনা করার কোনো ভাষা আমার জানা নেই, কারণ গত দুই সপ্তাহ আমার ও পরিবারের সময়টা খুবই কঠিন কেটেছে, তবে এটা জীবনেরই অংশ। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু আমাদের কিছু করার নেই।”
“আমি জানি, দলে কয়েকজন চোটের সঙ্গে লড়ছেন। ফোনে কোচ আমাকে সময় নিতে বলেছিলেন এবং আমাকে তাড়াহুড়ো করে ফিরতে বারণ করেছিলেন। তবে এই পরিস্থিতিতে, আমার জন্য ফিরে এসে দলকে সাহায্য করা গুরুত্বপূর্ণ ছিল।”
২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।
এসকে/টিএ