নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙ্গচুর এবং দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি এনসিপির কার্যালয়ের সামনে ভুড়িভোজের আয়োজন করেন। এ সময় কার্যালয়ে অবস্থানরত এনসিপির সমর্থকরা তাদের কার্যালয়ের সামনে থেকে সরে অন্যত্র পিকনিক করার অনুরোধ জানান। এ নিয়ে সেখানে উপস্থিত এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এনসিপি কর্মীদের অভিযোগ, বিএনপি কর্মীরা এনসিপির নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং এনসিপি কর্মী আহাদ আলী ও সুলতান সরকারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুইজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তবে বিএনপি নেতা আব্দুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, এনসিপি কর্মীরাই নিজেদের অফিসের চেয়ার ভাঙচুর করেছে। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ স ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
আরআই/টিকে