বলিউডে ফের আতঙ্কের ছায়া। জনপ্রিয় পরিচালক রোহিত শেঠিকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার চক্রান্ত ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা বিনোদন জগতে। পুলিশি তদন্তে উঠে এসেছে, এটি আকস্মিক কোনও ঘটনা নয় বহু দিন ধরেই নাকি কষা হচ্ছিল হত্যার ছক। রোহিতকে প্রাণে মারাই ছিল মূল উদ্দেশ্য, এমনই দাবি তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং পলাতক শুভম লোঙ্কার। তাদের নির্দেশেই রোহিতের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আদালতের নির্দেশে তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্তকারীদের মতে, এই হামলা ছিল সুপরিকল্পিত স্কুটারে করে বাড়ির সামনে পৌঁছনো, আগাম প্রস্তুতি, সব কিছুই নাকি আগেভাগে ঠিক করা ছিল।
ঘটনার পর থেকেই বিনোদন মহলে উদ্বেগ ছড়িয়েছে। কারণ এর আগে একাধিক তারকার বাড়ির সামনে গুলিবর্ষণ ও হুমকির ঘটনা ঘটেছে। সেই সূত্র ধরেই এই ঘটনার সঙ্গেও কুখ্যাত গ্যাংয়ের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক হুমকিমূলক বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সেখানে স্পষ্ট ভাষায় বলিউডকে সতর্ক করা হয়েছে, যা আতঙ্কের মাত্রা আরও বাড়িয়েছে।
রোহিত শেঠি নিজে এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে যে ভয় আর অনিশ্চয়তার ছায়া ঘনিয়ে আসছে, এই ঘটনা যেন তারই আর এক স্পষ্ট ইঙ্গিত। তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, আর ভক্তদের মনে দানা বাঁধছে অস্বস্তি প্রিয় নির্মাতা কি সত্যিই বড় কোনও বিপদের মুখ থেকে ফিরে এলেন?
পিআর/টিকে