বিপক্ষ প্রার্থীকে অপপ্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে মো. আব্দুল বাতেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে কাজ করা উচিত। কিন্তু তারা এটি চায় না। তারা এখনো প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ করে রাজনীতি করতে চায়। তারা এখনো পরিবারতন্ত্র নিয়ে কাজ করতে চায়, এখান থেকে বের হয়ে আসা উচিত।
জামায়াতের এ প্রার্থী বলেন, যখন মাঠের খবর প্রতিকূল, তখন ফেক আইডি খুলে বা অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার করা হয়েছে। জামায়াতের আমির নারীদের সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তা তার বহু বক্তব্যে আছে। তারা আইডি হ্যাক করে একটা কাঁচা কাজ করেছে।
তিনি বলেন, এগুলো করে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেগুলো থেকে তাদের ফেরানো যাবে না। প্রায় ৯০ ভাগ মানুষ বলছে তারা জামায়াত এবং ১১ দলীয় প্রার্থীদের চায়।
তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস নির্মূলে কাজ করবো। বিহারিরা ৮৫ বছর ধরে বসবাস করছে এই পল্লবী অঞ্চলে, তাদের ঝুলিয়ে না রেখে পুনর্বাসনে কাজ করবো।
‘যত সময় গড়াচ্ছে, প্রচারণা জমে উঠেছে। মানুষের মধ্যে বিশ্বাস পাচ্ছি’, যোগ করেন মো. আব্দুল বাতেন।
এসএস/এসএন