ভালোবাসার মরশুমেই চারহাত এক হবে তাঁদের। খাতায় কলমে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ের আর মাত্র বারো দিন বাকি । জীবনের নতুন ইনিংস শুরু করার আগে রীতিমতো অপেক্ষার প্রহর গুনছেন তাঁরা। তাঁদের মাখোমাখো ‘প্রেমচর্যা’নিয়ে বরাবরই প্রবল কৌতূহল রয়েছে তাঁদের অনুরাগীদের। আগামী ১৪ ফেব্রুয়ারি চারহাত এক হবে রণজয় ও শ্যামৌপ্তির। তার আগে প্রথা মেনেই বলা যায় প্রাক বিবাহ ফটোশুট সারলেন তাঁরা। যা নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন হবু তারকাদম্পতি।

তবে সেই পোস্টের ক্যাপশন বেশ অন্যরকম। যেখানে দেখা যাচ্ছে রণজয় ও শ্যামৌপ্তির (Ranojoy-Shyamoupti) সাদা কালো ও রঙিন পৃথিবী। ভিডিওর প্রথম ভাগে অর্থাৎ ‘সাদাকালো পৃথিবী’তে একেবারে রেট্রোলুকে ধরা দিয়েছেন তাঁরা। কালজয়ী ছবিতে এই ভূমিকায় দেখা গিয়েছিল মহানায়ক উত্তমকুমার ও মহানায়িকা সুচিত্রা সেনকে। সেটাই রিক্রিয়েট করলেন রণজয়-শ্যামৌপ্তি। আর তারপরই দেখা যাচ্ছে তাঁদের রঙিন পৃথিবী। অর্থাৎ পাহাড়ের কোলে ওই একই প্রাক বিবাহ ফটোশুটের ভিডিও। আর ভিদিওর শেষে লেখা ‘সাদাকালো হোক বা রঙিন, আমরা ছিলাম আছি থাকব।’
হবু দম্পতির ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরাও। দীর্ঘদিন চুপিসাড়ে প্রেম করেছেন দু’জন। তাঁদের প্রেম নিয়ে নানা চর্চা বাতাসে উড়ে বেড়ালেও শ্যামৌপ্তি বা রণজয় এক্কেবারে ‘স্পিকটি নট’ ছিলেন। এই ‘মধুমাসে’ই ছাঁদনাতলায় বসবেন তাঁরা। যদিও কোথায় বসবে তাঁদের বিয়ের আসর এই নিয়ে সেভাবে কিছুই জানাননি দু’জনেই। ‘গুড্ডি’ ধারাবাহিকের ফ্লোরেই প্রেমের শুরু রণজয় ও শ্যামৌপ্তির। সেই ধারাবাহিকে ‘অনুওজ’ চরিত্রে দেখা গিয়েছিল রণজয়কে। সেখান থেকেই প্রেমের জল্পনা শুরু। নানা কটাক্ষও ধেয়ে এসেছে তাঁদের দিকে। নানা কুমন্তব্য শুনতে হয়েছে অসমবয়সী প্রেম নিয়েও। তবে সেসবে এক্কেবারে কান দেননি তাঁরা। গুরুত্ব দিয়েছেন নিজেদের সম্পর্ককেই। এবার সেই প্রেমেরই ‘মধুরেণ সমাপয়েত’ ঘটতে চলেছে ‘ভ্যালেন্টাইনস ডে’তে।
এসএন