ছোটপর্দা থেকে কি সত্যিই সাময়িক বিরতি নিলেন স্নেহা চট্টোপাধ্যায়। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত পর্দায় দেখা যায়নি তাঁকে। কেন এমন হলো, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। এই প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই।
স্নেহার কথায়, বিষয়টি কোনও পরিকল্পিত বিরতি নয়। ছোটখাটো কিছু সমস্যার কারণেই কাজটি আর করা হয়ে ওঠেনি। তিনি জানান, সময় নিয়ে মূল সমস্যা তৈরি হয়েছিল। তাঁর সময়ের সঙ্গে প্রযোজনা সংস্থার সময় মিলছিল না। সেই কারণেই লুক সেটে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।
কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর আগের ধারাবাহিক ‘রাণী ভবানী’। সেখানে তাঁর অভিনীত চরিত্রটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। সেই চরিত্রের রেশ কাটিয়ে উঠতেও খানিকটা সময় প্রয়োজন ছিল বলে জানান স্নেহা। তাঁর মতে, একজন অভিনেতা চাইলেই মুহূর্তের মধ্যে একটি চরিত্র থেকে বেরিয়ে অন্য একটি চরিত্রে ঢুকে যেতে পারেন না। মানসিক প্রস্তুতির জন্যও সময় লাগে।
খলনায়িকার চরিত্র বলেই যে তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, বিষয়টি এমন নয় বলেও স্পষ্ট করেন অভিনেত্রী। তাঁর কথায়, একজন অভিনেতার কাছে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। অভিনয়ই তাঁদের পেশা। চরিত্র ভালো হোক বা খারাপ, মন দিয়ে অভিনয় করাই তাঁর দায়িত্ব।
অভিনয় জগতের অনিশ্চয়তার কথাও অকপটে স্বীকার করেন স্নেহা। যে কোনও মুহূর্তে কাজ হাতছাড়া হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিক। সেই জায়গায় দাঁড়িয়ে কাজের সুযোগ পেয়েও তা করতে না পারার আক্ষেপ কি নেই। উত্তরে স্নেহা জানান, লড়াই করে এগিয়ে চলতে তিনি অভ্যস্ত। এত সহজে ভেঙে পড়ার মানুষ তিনি নন। নিজের উপর বিশ্বাস রেখেই এগিয়ে যেতে চান।
তাঁর বিশ্বাস, আবার কাজ আসবে। আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। ছোটপর্দাই তাঁকে জনপ্রিয়তা ও পরিচিতি দিয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে স্নেহা বলেন, ছোটপর্দা ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপাতত নিজের সময়, নিজেকে গুছিয়ে নিয়েই আবার ফিরতে চান দর্শকদের মাঝে।
এসএন