বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদ। তিনি বলেন, ‘ভাওতাবাজিরও একটা সীমা থাকা উচিত।’
সোমবার (৩ জানুয়ারি) তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী প্রচারণা শেষে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ‘তোর কার্ড তুই নে, হাতিয়াকে ছেড়ে দে’, ‘তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে’ স্লোগান দেন হান্নান মাসউদ।
তিনি বলেন, ‘আমরা প্রচারণার জন্য লিফলেট দিচ্ছি, আর তারা দিচ্ছে কার্ড। আমরা হাতিয়াকে দিতে এসেছি, নিতে নয়। আমরা সবকিছু গুছিয়ে আনার কাজ করছি, বিশৃঙ্খলা করতে নয়। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো, ইনশাল্লাহ। আমাদের এই লড়াই হবে শান্তিপূর্ণ। ১২ তারিখ কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর বিজয় হবে না।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, উপজেলা জামায়াত নেতা আবদুল কাদের, এনপিপির তমরুদ্দি ইউনিয়নের আহ্বায়ক মো. সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএস/এসএন