সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে পরপর দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। শক্তিশালী ভারতকে হারানোর মানে ফাইনালের পথে এক পা দিয়ে রাখা। দারুণ এই জয়ের পর বাটলার বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে।’
নেপালের পোখারায় সোমবার বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। তবে প্রতিপক্ষের আক্রমণের ঝড় সামলে দ্রুতই গুছিয়ে ওঠে লাল-সবুজের মেয়েরা। এরপর অর্পিতা ও আলপির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। তবে কেউ আর পায়নি কাঙ্ক্ষিত সেই গোলের দেখা। শেষ দিকে বাংলাদেশ নিজেদের জাল অক্ষত রাখাতেই বেশি মনোযোগী ছিল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বাটলার বলেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু ছোটখাটো চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল, যেমনটা ধারনা করেছিলাম। কিন্তু প্রথম দিকের চাপ সামলে আমরা কাটিয়ে উঠেছি। সত্যিই খুব ভালোভাবে খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে। এদিনও জয়ের লক্ষ্যেই বাংলাদেশের বিপক্ষে নেমেছিল তারা। কিন্তু বাংলাদেশের রক্ষণ দেয়াল টপকানো সম্ভব হয়নি তাদের জন্য। প্রতিপক্ষের শক্তির দিক অনেক, তারপরও বাংলাদেশের মেয়েরা তাদেরকে হারিয়ে দিয়েছে। দুই দলের মধ্যে শক্তিমত্তায় পার্থক্য কি সেটি বুঝিয়ে দিলেন বাটলার। বলেন, ‘ম্যাচে ভারতও গোলের সুযোগ তৈরি করে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা আমাদের চেয়ে লম্বা এবং শারীরিকভাবে শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাট গড়নের এবং দুর্বল। তবে আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষে পৌঁছেছি। মনে করি আমরা জয়ের যোগ্য ছিলাম।’
প্রতিযোগিতায় বাংলাদেশের পরের ম্যাচ আগামী বুধবার। সেদিন নেপালের বিপক্ষে এক পয়েন্ট পেলেও ফাইনালে উঠবে লাল সবুজের মেয়েরা।
এসএস/এসএন