রিয়াল মাদ্রিদের বাজে সময়ের সুযোগ লুফে নিয়ে চমকে দেয় আলবাসেত। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়ে স্পেনের দ্বিতীয় সারির ক্লাবটি। কোপা দেল’রের শেষ ষোলোতে সেই জয়ের পর এবার ক্লাবটির সামনে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পঁচা শামুকে পা কাটা থেকে বাঁচতে বেশ সতর্ক বার্সা কোচ হান্সি ফ্লিক।
আগামীকাল বাংলাদেশ সময় রাত দু’টায় নিজেদের মাঠে বার্সাকে আতিথেয়তা দেবে আলবাসেত। কোয়ার্টার ফাইনালে এক লেগের এই ম্যাচে চমকে দেওয়া প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ফ্লিক জানালেন, এই প্রতিযোগিতায় খেলতে নাকি ভালোই লাগে বার্সা কোচের। তুলনামূলক ছোটো ক্লাবগুলো কোপা দেল’রেতে প্রায়ই অঘটন ঘটিয়ে দেয়। আর চমকপ্রদ এই ফলই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দিক বলেই মনে করেন কাতালান ক্লাবটির কোচ।
অবশ্য নিজেদের বিপক্ষে কোনো চমক নিশ্চয়ই চাইবেন না ফ্লিক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সবসময় প্রতিপক্ষ বিশ্লেষণ করি। তাদের খেলার ধরণ, স্টেডিয়াম অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে, এবং সঠিক মনোভাব ও মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমাদের শতভাগ ফোকাস থাকা জরুরি।’
ম্যাচের আগে একাদশ নিয়ে তেমন কোনো ইঙ্গিত দেননি ফ্লিক। তবে সতর্ক করলেন যাতে রিয়াল মাদ্রিদের ভুল না হয়, ‘আমাদের মিনিট ম্যানেজ করতে হবে। তবে কে শুরু করবে এবং কে নয়, তা আমি বলছি না।’ ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে তাঁর মন্তব্য স্পষ্ট, ‘আমারা মানসিকভাবে চমৎকার অবস্থায় আছি। এই দলে জায়গা পাওয়া সহজ নয়। এগারো জন শুরু করবে, আর পাঁচজন শেষ করবে, যারা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে যখন তাদের সময় আসবে।’
মৌসুমের মাঝামাঝি সময়ে বেশ ছন্দেই আছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। লা লিগায় আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। নিয়মিত গোল পাচ্ছে ক্লাবটির ফরোয়ার্ডরা। দলের মধ্যে এমন রসায়নের প্রশংসা ঝরে পড়েছে ফ্লিকের কণ্ঠে, ‘আমাদের দারুণ খেলোয়াড় আছে। দলের মধ্যে পরিবেশ অসাধারণ। তারা সতীর্থ এবং বন্ধু। আমি সবাইকে নিয়ে খুশি। ডেকো চমৎকার কাজ করছেন এবং ভবিষ্যতের জন্য খেলোয়াড় ধরে রাখার বিষয়ে কাজ চালিয়ে যাবেন।’
তবে এই ম্যাচের আগে বার্সার জন্য একমাত্র দুঃসংবাদ রাফিনিয়ার চোট। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাফিনিয়াকে হারানো তাদের জন্য বড় ধাক্কা। গত সপ্তাহে এলচের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঝপথে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ডান পায়ের অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করায় আলবাসেতের বিপক্ষে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। যদিও পরীক্ষায় বড় কোনো চোট ধরা পড়েনি, তবু ঝুঁকি নিতে চায় না বার্সেলোনা।
রাফিনিয়ার চোট নিয়ে ফ্লিক বলেন, ‘আমি তার চোট নিয়ে খুশি নই। আমাদের দেখতে হবে কী পরিবর্তন করতে হবে। আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি এবং তার প্রয়োজন আছে। সে খেলতে পারছে না, এটা আমাদের জন্য ভালো কিছু নয়।’
আইকে/টিএ