টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচদিন আগেই বড় দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কাকে। দলটির পেসার ইশান মালিঙ্গা ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ কাঁধে চোট পেয়েছেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষণা করেছে, ফাস্ট বোলার ইশান মালিঙ্গা মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি খেলবে না। ২৪ বছর বয়সী মালিঙ্গা বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াডে ছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ওই ম্যাচে চোটের পর তার বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনিশ্চিতই।
গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের রান তাড়ার অষ্টম ওভারের ঘটনা। দীর্ঘসময় বৃষ্টির কারণে ম্যাচ থেমে থাকার পর আবার বল মাঠে গড়ায়। ইশান মালিঙ্গা ওভারের প্রথম ডেলিভারি করতে গিয়ে ফলো-থ্রোর সময় বাঁ কাঁধে আঘাত পান এবং ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন।
মালিঙ্গার চোট নিয়ে এসএলসি এক বিবৃতিতে বলেছে, ‘আজই তিনি (ইশান মালিঙ্গা) কলম্বো ফিরে যাবেন, সেখানে এমআরআই স্ক্যানের মাধ্যমে চোটের মাত্রা নির্ধারণ করা হবে এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
২০২৫ সালে আইপিএলে অভিষেকের পর চমকপ্রদ পারফরম্যান্স উপহার দেন মালিঙ্গা। আইসিসি র্যাঙ্কিংয়েও পড়ে তাঁর ছাপ। নভেম্বরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১৭.১ স্ট্রাইক রেটে ৮ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী ডানহাতি পেসার।
এখন পর্যন্ত স্কোয়াডে মালিঙ্গার স্থলাভিষিক্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা। বর্তমানে প্রমোদ মাদুশান একমাত্র অন্য বিশেষজ্ঞ পেসার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে মাদুশানকে দুশমন্থ চামীরা’র বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে এখন তিনি তৃতীয় টি-টোয়েন্টিতে-তে মালিঙ্গার জায়গায় তাঁর খেলার সম্ভাবনা আছে।
শ্রীলঙ্কা ক্রিকেট এখনও তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তাতে মালিঙ্গা কি ১৫ সদস্যের ফাইনাল স্কোয়াডে থাকবেন তা স্পষ্ট নয়। ৩১ জানুয়ারির স্কোয়াড ঘোষণার পর কোনো পরিবর্তন করা হয়, তাহলে আইসিসি-এর অনুমোদন প্রয়োজন।
বিকল্প হিসেবে বেশ কিছু পেস বোলিং অপশন রয়েছে শ্রীলঙ্কার। মাদুশান ও নুয়ান তুষারাকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যাদের মধ্যে মাদুশান সম্ভবত তৃতীয় টি-টোয়েন্টি-তে সুযোগ পাবেন। তুষারা গত এক বছরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এছাড়াও অসিথা ফার্নান্দো, বিনূরা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কাকেও বিবেচনা করা হচ্ছে, যেখানে বিনূরা ও মাদুশাঙ্কা বাম-হাতি পেসার হিসেবে বিকল্প হতে পারেন।
এমআই/টিএ