বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনার জোয়ার তুলেছে বিটিএসের অফিসিয়াল প্রত্যাবর্তনের খবর। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষ করার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম বড় পুনর্মিলনে ফিরছে সাত সদস্যের এই কোরিয়ান তারকা গ্রুপ। তাদের এই ঐতিহাসিক কামব্যাক লাইভ সম্প্রচারের জন্য বিটিএসের সঙ্গে হাত মিলিয়েছে নেটফ্লিক্স।
আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক- সাত সদস্যই আবার একসঙ্গে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের। এই বিশেষ উপলক্ষে সিউলের ঐতিহাসিক গুয়াংহোয়ামুন স্কয়ারে একটি লাইভ পারফরম্যান্স করবে বিটিএস, যা নেটফ্লিক্সে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। ভক্তদের এই স্মরণীয় মুহূর্তের তারিখ মনে করে রাখার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরছে বিটিএস। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত- যাদের ‘আর্মি’ নামে ডাকা হয়, তাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে এই কামব্যাক। বিটিএসের এজেন্সি হাইব (HYBE) নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারিত্ব করে গ্রুপটির কামব্যাক কনসার্ট লাইভ স্ট্রিম করার ঘোষণা দিয়েছে।
এই এক্সক্লুসিভ কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচারিত হবে ২১ মার্চ ২০২৬, কোরিয়ান সময় রাত ৮টায় (PST অনুযায়ী ভোর ৪টা/ESTঅনুযায়ী সকাল ৭টা)। লাইভ পারফরম্যান্সের পর নেটফ্লিক্সে মুক্তি পাবে একটি ডকুমেন্টারি, যার শিরোনাম “বিটিএস: দ্য রিটার্ন”। “বিটিএস: দ্য রিটার্ন” ডকুমেন্টারিটিতে বিটিএসের কামব্যাক অ্যালবাম ‘আরিরাং’ তৈরির পেছনের গল্প ও অন্তরালের দৃশ্য তুলে ধরা হবে। ডকুমেন্টারিটি মুক্তি পাবে ২৭ মার্চ।
এদিকে লাইভ কনসার্টের পর বিটিএস শুরু করবে তাদের বৈশ্বিক ট্যুর, যেখানে এশিয়া, আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশে পারফরম্যান্স করার পরিকল্পনা রয়েছে।
কেএন/টিকে