বিশাল ভরদ্বাজের আসন্ন গ্যাংস্টার প্রেমকাহিনি ‘ও রোমিও’ মুক্তির আগেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বড় পরিসরের তারকাবহর, বিপুল বাজেট ও বাণিজ্যিক সম্ভাবনা মিলিয়ে ছবিটি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে শুরু থেকেই। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের দাবি, শুধু অভিনয়শিল্পীদের পারিশ্রমিক দিতেই খরচ হচ্ছে প্রায় চুয়াত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা, আর পুরো ছবির বাজেট দাঁড়াতে পারে আনুমানিক একশ পঞ্চাশ থেকে একশ পঁচাত্তর কোটি টাকায়।
এই ছবির নেতৃত্বে থাকা শহীদ কাপুর একাই নাকি পাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা পারিশ্রমিক। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তামান্না ভাটিয়া ও তৃপ্তি দিমরি। পাশাপাশি সহ-অভিনয়ে শক্ত ভিত গড়ে দিচ্ছেন বিক্রান্ত ম্যাসি ও নানাপাটেকরের মতো অভিজ্ঞ শিল্পীরা। এত বড় তারকাবহরের কারণে ছবিটির আর্থিক ঝুঁকিও স্বাভাবিকভাবেই বেশি বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
চলচ্চিত্র ব্যবসার হিসাব অনুযায়ী, ‘ও রোমিও’কে সফল হিসেবে বিবেচিত হতে হলে বিশ্বব্যাপী অন্তত আড়াইশ কোটি টাকা আয় করতে হবে। এই লক্ষ্যে পৌঁছাতে ছবির সৃজনশীল দিককেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গুলজারের কবিতাময় গান, অরিজিৎ সিংয়ের কণ্ঠের আবেশ এবং বিশাল ভরদাজের নিজস্ব গল্প বলার ভঙ্গি মিলিয়ে ছবিটি এক ভিন্নধর্মী রোমান্টিক গ্যাংস্টার কাহিনি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে মুক্তির আগেই ‘ও রোমিও’কে ঘিরে শিল্পমহলে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। বাজেট, তারকাখ্যাতি ও নির্মাতার সুনাম সব দিক থেকেই ছবিটির দিকে তাকিয়ে রয়েছে বলিউড। এখন দেখার বিষয়, এই উচ্চ প্রত্যাশার ভার কতটা দক্ষতায় বহন করতে পারে বিশাল ভরদাজের নতুন সিনেমা।
এসএস/টিএ