আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় এই সভা।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইনে যুক্ত রয়েছেন।
ভোটকেন্দ্রের নিরাপত্তা, ব্যালট পেপার পৌঁছানো এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠানের বিষয়টি মাথায় রেখে বাড়তি সতর্কতা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হচ্ছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন জানান, নির্বাচন আয়োজনের কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। আজকের সভায় মূলত মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি এবং কেন্দ্রীয় নির্দেশনার মধ্যে সমন্বয় করা হচ্ছে যাতে ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ইউটি/টিএ