আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ঢাকা-১৬ (মিরপুর-পল্লবী) সংসদীয় আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যৌথ বাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন মিরপুর আর্মি ক্যাম্পের মেজর গাজী তানজীর হাসান।
মেজর গাজী তানজীর হাসান জানান, নির্বাচনে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে মাঠে থাকবে। বিশেষ করে ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তানজীর হাসান জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের পরিবেশ কলুষিত করতে পারে এমন যে কোনো শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-১৬ আসনের গুরুত্বপূর্ণ স্থান ও ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ স্ট্রাইকিং ফোর্স ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মেজর গাজী তানজীর হাসান বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। ভোটারদের আশ্বস্ত করতে চাই যে, আপনারা নির্ভয়ে কেন্দ্রে আসুন। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর নানা পরিকল্পনা এরইমধ্যে কার্যকর করা হয়েছে।’
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে মিরপুর ও পল্লবী এলাকা নিয়ে গঠিত এই আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নিয়মিত প্যাট্রলিং কার্যক্রম চলমান রয়েছে।
টিকে/