গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আগামী নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই। এমন একটি রাষ্ট্র যা স্বাধীন, নিরপেক্ষ ও গতিশীল বিচার বিভাগের স্বপ্ন দেখছে জনগণ। যেখানে শোষিত-বঞ্চিত-নির্যাতিত এবং অসহায় মানুষগুলো স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পাবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের ছাত্রদল নেতা নয়নের কবর জিয়ারত, নয়নের বাবা রহমত উল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, আমরা অতি দ্রুত নয়ন হত্যার বিচার করব। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নয়নের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের বাঞ্ছারামপুর উপজেলার ৪ জন শহীদের বিচারও করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ন্যায়বিচারের অনুপস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা বা অস্থিতিশীলতা দেখা দেয়। কোনো দেশে সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শক্তিশালী আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হলে অপরাধকর্মে জড়িত প্রত্যেক অপরাধীর ন্যায়বিচার নিশ্চিত করা অত্যাবশ্যক, এবং এসব বিচার যথাসম্ভব দ্রুতগতিতে হওয়া উচিত।
আইকে/টিকে