তুরস্ক ও সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরো জোরদার করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কায়রো সফর শেষে ফেরার পথে তিনি বলেন, তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ প্রশংসা কুড়িয়েছে।
সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘কান নিয়ে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এ খাতে সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগ রয়েছে এবং যেকোনো সময় এই অংশীদারি বাস্তবায়ন করা যেতে পারে।’
আঙ্কারা ও রিয়াদ ‘গুরুত্বপূর্ণ’ প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানান তিনি। এসব সহযোগিতা আরো সম্প্রসারণে তুরস্কের দৃঢ় প্রত্যয়ের কথাও তুলে ধরেন এরদোয়ান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে। তিনি আলোচনার টেবিল প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।
গাজা পরিস্থিতি নিয়ে এরদোয়ান বলেন, গাজা শান্তি পরিকল্পনার ‘যথাযথ’ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করবে।
সূত্র : আনাদেলু এজেন্সি