জার্মান তারকা ফরোয়ার্ড সার্জ গ্যাব্রির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি জানিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন এই আক্রমণভাগের তারকা।
২০১৮ সালে বায়ার্নে যোগ দেওয়া গ্যাব্রি নতুন চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারলে ক্লাবটিতে তার সময়কাল দাঁড়াবে এক দশক। এই সময়ের মধ্যে তিনি বায়ার্নের সঙ্গে জিতেছেন একাধিক বুন্দেসলিগা শিরোপা, চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপ ও ঘরোয়া মেজর সব শিরোপা।
বায়ার্নের বোর্ড সদস্য (স্পোর্টস) ম্যাক্স এবারল বলেন, ‘সার্জ বায়ার্নে নিজেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে এবং এই দলের অন্যতম স্তম্ভ। মাঠে যেমন, ড্রেসিংরুমেও তেমনি সে ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্লাবের সঙ্গে সে সবকিছু জিতেছে, তবু আরও বেশি অর্জনের ক্ষুধা তার মধ্যে আছে। সে বায়ার্নের প্রকৃত প্রতিনিধি।’
স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টফ ফ্রয়েন্ড বলেন, ‘সার্জ আমাদের খেলায় কতটা মূল্য যোগ করে, তা সবাই দেখতে পায়। আক্রমণে সে বহুমুখী, দ্রুতগতির, বল নিয়ন্ত্রণে দক্ষ এবং ফিনিশিংয়েও দুর্দান্ত। তার মানসিকতা ও চরিত্র দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাকে আরো কয়েক বছর বায়ার্নে রাখতে পেরে আমরা আনন্দিত।’
নতুন চুক্তি নিয়ে গ্যাব্রি বলেন, ‘বায়ার্নের হয়ে আরও কয়েক বছর খেলতে পারা আমার জন্য রোমাঞ্চকর। আলোচনাগুলো সবসময়ই ইতিবাচক ছিল। যখন বায়ার্নে এসেছিলাম, তখন ভাবতেই পারিনি চুক্তির শেষে এখানে ১০ বছর পূর্ণ হবে।
তিনি আরো বলেন, ‘আমার লক্ষ্য একই-এভাবেই এগিয়ে যাওয়া। আমরা একটি ঐক্যবদ্ধ দল এবং বড় কিছু অর্জন করতে পারি।
দল, কোচ, পুরো ক্লাব, সমর্থক, শহর ও পরিবেশ-সবকিছু মিলিয়েই আমি এখানে নিজেকে ঘরের মতো অনুভব করি।’
আরআই/টিকে