নব্বই দশকের সোনালি সুর আর আধুনিক পপ ধারার মেলবন্ধনের আভাস দিয়ে হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় গায়ক কিং। তাঁর আসন্ন অ্যালবাম ‘রাজা হিন্দুস্তানি’ থেকে একটি রোমান্টিক গানের ঝলক প্রকাশের পর থেকেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ‘মজা পেয়ার করনে মে’ শিরোনামের গানটির ছোট্ট অংশেই ভেসে এসেছে এক পরিচিত, সময়জয়ী কণ্ঠস্বর, যা মুহূর্তেই ফিরিয়ে নিয়েছে শ্রোতাদের নব্বই দশকের আবেগঘন স্মৃতিতে।
গানটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও শোনা যাচ্ছে কিং হয়তো এক কিংবদন্তি কণ্ঠশিল্পীর সঙ্গে যুগলবন্দির প্রস্তুতি নিচ্ছেন। গানের সুর, আবহ আর কণ্ঠের টেক্সচারে এমন এক পুরোনো দিনের ছোঁয়া পাওয়া গেছে, যা অনেককেই বিশ্বাস করাচ্ছে-এটি কেবল নতুন গান নয়, বরং দুই প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের এক সুতোয় গাঁথার কৌশল। আধুনিক পপ ও হিপহপ ঘরানায় পরিচিত কিং এর আগেও ‘কামাল হ্যায়’ ও ‘জো ইশক হুয়া’ গানের মাধ্যমে সুরনির্ভর প্রেমের আবহে পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতাই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে।
যদি শেষ পর্যন্ত এই বহুল আলোচিত সহযোগিতা সত্যি হয়, তবে ‘রাজা হিন্দুস্তানি’ কেবল একটি অ্যালবাম হয়ে থাকবে না, বরং চলতি বছরের সবচেয়ে আলোচিত সঙ্গীত প্রকল্পগুলোর একটিতে পরিণত হতে পারে। নস্টালজিয়া আর সমসাময়িক সুরের মিশেলে তৈরি এই আয়োজন ইতিমধ্যেই শ্রোতাদের কৌতূহলের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।
টিজে/টিকে