যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা!
মোজো ডেস্ক 11:16AM, Feb 06, 2026
মনোজ বাজপেয়ীর আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ বড় বিতর্কের মুখে পড়ল। সিনেমার শিরোনাম নিয়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত পৌঁছেছে বলে অভিযোগ ওঠায় দিল্লি হাই কোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে লখনউতে পুলিশের মাধ্যমে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, ছবির নাম ও বিষয়বস্তু ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করেছে এবং সামাজিক সম্প্রীতি নষ্টের সম্ভাবনা রয়েছে।
ফিল্মের ট্রেলার প্রকাশের পর অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হজরতগঞ্জ থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী, পরিচালক নীরজ পাণ্ডে, অভিনেতা মনোজ বাজপেয়ী সহ ছবির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলাকারী মহেন্দ্র চতুর্বেদী উল্লেখ করেছেন, ‘পণ্ডিত’ শব্দটি ঐতিহাসিকভাবে পাণ্ডিত্য ও আধ্যাত্মিক নির্দেশনার প্রতীক। তা ভুলভাবে সিনেমার শিরোনামে ব্যবহার করা হলে ব্রাহ্মণ সম্প্রদায়ের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে এ ধরনের অপমান রুখতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং প্রশাসনিক কর্তৃপক্ষ নিশ্চিত করছে, সামাজিক শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখা হবে। এই পরিস্থিতিতে ‘ঘুষখোর পণ্ডিত’ ছবির মুক্তি ও বিতর্ক এখন দেশজুড়ে আলোচনার বিষয়।