© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তির আগেই সাড়া ফেলেছে রণবীরের ‘রামায়ণ’

শেয়ার করুন:
মুক্তির আগেই সাড়া ফেলেছে রণবীরের ‘রামায়ণ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
বলিউডে মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ে মিলছে ইতিবাচক সাড়া। মুক্তির প্রায় দুই সপ্তাহ আগেই অগ্রিম বুকিং থেকে আয় ১০ কোটি টাকার ঘরে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রথম দিনের টিকিট বিক্রির পরিসংখ্যানও নজর কেড়েছে সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর প্রথম দিনের প্রদর্শনীর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকে মোট ৮ কোটি ১৬ লাখ টাকা আয় হয়েছে। তবে নির্মাতাদের সংরক্ষিত টিকিট ও ব্লক করা আসন বাদ দিলে প্রকৃত বুকিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা। বুকিংয়ের বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে মুক্তির আগে আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।



ভারতে সিনেমাটির জন্য প্রায় ৩ হাজার ৯৪৪টি শো নির্ধারিত হয়েছে। অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি সাড়া মিলেছে দিল্লিতে। পাশাপাশি মুম্বাইয়েও ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।

তবে দর্শকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে টিকিটের চড়া দাম। মুম্বাইয়ে কিছু প্রদর্শনীর রিক্লাইনার আসনের টিকিটের দাম ৩ হাজার ১৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে। ফলে বড় বাজেটের এই ছবির টিকিটের মূল্য নিয়েও আলোচনা শুরু হয়েছে।

রণবীর কাপুরকে রামের চরিত্রে এবং সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা যাবে ‘রামায়ণ’-এ। ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক কৌতূহল রয়েছে।

এসএ/টিএ


মন্তব্য করুন