বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রসারে অনন্য ভূমিকা রাখা সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের দর্শন এবং শিল্পচর্চা শত শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। আমাদের এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনার বোধের পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ করেছে গান রচনার মধ্য দিয়ে। এই দেশের চিন্তার ঐতিহ্য তাই কোনো দর্শনের বইয়ে না খুঁজে খুঁজতে হয় আমাদের গানে। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ আরও অগণিত ভাবুক বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।’
তিনি লেখেন, ‘সুনীল কর্মকার জালাল খাঁ ঘরানার একজন বিশিষ্ট সংগীত ও ভাবসাধক। তার সান্নিধ্যে আসার সুযোগ হয় আজ থেকে বহু বছর আগে। তখনই তার কণ্ঠে জালাল খাঁর গান আমাকে অনুপ্রাণিত করে। গান গাওয়ার পাশাপাশি বেহালা, দোতরাসহ একাধিক বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন।’
উপদেষ্টা জানান, গুণী এই শিল্পীর অসুস্থতার খবর পাওয়া মাত্রই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্রুত তার পাশে দাঁড়ায়।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনার্ত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’
প্রসঙ্গত, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সুনীল কর্মকার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।
এমআর/টিকে