শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধুর আবহে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউডের জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা ও শুভ্রজিৎ। গত মঙ্গলবার শহরের একটি অভিজাত অনুষ্ঠান বাড়িতে বসেছিল তাঁদের বিয়ের আসর। দুই পরিবারের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। জমকালো সাজসজ্জা, ছাদনাতলার রোমান্টিক মুহূর্ত আর আভিজাত্যপূর্ণ আয়োজনের মধ্যেও অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করেছে বিয়ের বিশাল খাবারের আয়োজন।
অনুষ্ঠানে প্রবেশ করতেই অতিথিদের সামনে হাজির করা হয় নানা রকম মুখরোচক পরিবেশনা। চিংড়ি ভাজা, মুরগির কাবাব এবং মাছপ্রেমীদের জন্য তাৎক্ষণিকভাবে তৈরি মাছ ভাজা ছিল আলাদা আকর্ষণ। নিরামিষ ভোজীদের জন্য রাখা হয়েছিল বেবি কর্নসহ বিভিন্ন হালকা পানীয়, যা পরিবেশে এনে দেয় এক স্বস্তির আমেজ।
মূল পর্বে দেখা যায় বাঙালি ও পারস্য ঘরানার খাবারের এক অভিনব মেলবন্ধন। কাসুন্দি ও সালাদের সঙ্গে পরিবেশন করা হয় মাছের জাফরানি রোল ও পনিরের বিশেষ পদ। গরম নানের সঙ্গে ছোলা-পনির, দেরাদুন চালের ভাত ও মুগ ডাল অতিথিদের প্লেটে এনে দেয় ভিন্ন স্বাদ। বাঙালি বিয়ের অপরিহার্য পদ ভেটকি পাতুরি সর্ষে ও নারকেলের ঘ্রাণে হয়ে ওঠে আরও লোভনীয়।
সাদা পোলাওয়ের পরিবর্তে ছিল সুগন্ধি পারস্য পোলাও, সঙ্গে মাখনমাখা মাটন কষা কিংবা মটর পনির। ভোজের শেষ পর্বে শুকনা ফলের চাটনি, পাঁপড়, গরম রসগোল্লা ও নরম সন্দেশ অতিথিদের তৃপ্তি এনে দেয়।
বিয়ের সাজে প্রিয়াঙ্কাকে দেখা যায় অপ্সরার মতো মোহময় রূপে, আর লাল পাঞ্জাবিতে শুভ্রজিৎ ছিলেন একেবারে সাবেকী বাঙালি বর। ছিমছাম অথচ রাজকীয় এই আয়োজন দিনটিকে করে তুলেছে স্মরণীয়। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের নানা মুহূর্ত, যা ভক্তদের মাঝেও তৈরি করেছে উচ্ছ্বাস।
এসএস/টিএ