অনুরাগীদের মনে হঠাৎ করেই নেমে এসেছে একরাশ বিষণ্নতা। যে কণ্ঠ বহু বছর ধরে সিনেমার আবেগ, প্রেম আর বিচ্ছেদের সঙ্গী হয়ে উঠেছিল, সেই কণ্ঠই নাকি আর শোনা যাবে না প্লেব্যাকে। সপ্তাহখানেক আগেই এমন ঘোষণা করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তাঁর এই সিদ্ধান্ত যেন আচমকাই স্তব্ধ করে দিয়েছে অসংখ্য ভক্তকে। সামাজিক মাধ্যমে তাই একটাই আর্তি ঘুরপাক খাচ্ছে আবারও যেন সিনেমার গানে ফিরে আসেন তিনি।
এই ঘোষণার পর নীরব থাকেননি আর এক খ্যাতনামা শিল্পী লাকি আলি। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানিয়েছেন, অরিজিতের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং সেটিকে সম্মান জানানোই উচিত। তাঁর কথায়, সৃজনশীল মানুষদের অনেক সময় নিজের ভেতরে ফিরে যাওয়ার জন্য বিরতির প্রয়োজন হয়। আলো ঝলমলে দুনিয়া থেকে কিছুটা দূরে সরে গিয়ে নিজের সত্তাকে নতুন করে আবিষ্কার করাই হয়তো এই সিদ্ধান্তের মূল কারণ।
লাকি আলির নিজের জীবনেও এমন অধ্যায় ছিল। এক সময় তিনিও সংগীত জগতের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। প্লেব্যাক তাঁর কাছে একঘেয়ে হয়ে উঠেছিল বলেই স্বাধীনভাবে সংগীতচর্চা ও নিজস্ব সুরসৃষ্টির দিকে মনোনিবেশ করতে চেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই অরিজিতের সিদ্ধান্তকে তিনি দেখছেন স্বাভাবিক এক শিল্পীসত্তার প্রয়োজন হিসেবে।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ তাঁর ঘোষণায় জানিয়েছিলেন, এতদিন শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ গ্রহণ করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, এই পথচলা ছিল অনবদ্য, কিন্তু এখন থামার সময় এসেছে।
এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মনে এক অদ্ভুত শূন্যতা। কেউ মেনে নিতে পারছেন না প্রিয় কণ্ঠের বিদায়, আবার কেউ শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। তবে একটি বিষয় স্পষ্ট অরিজিতের গান থামলেও তাঁর সুর আর স্মৃতি সহজে থামার নয়।
পিআর/এসএন