হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে রাজধানীতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনায় অন্তত ৩১ জন আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই এট্যাকের ভান করে ছত্রভঙ্গ করে দেয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

তিনি বলেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরো বেশী সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।
এসএস/এসএন

