বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা!
বাংলাদেশকে ছাড়াই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘদিন নিয়মিত বিশ্বকাপে খেলা একটি দলের না থাকা ক্রিকেটপ্রেমীদের জন্য যেমন হতাশার, তেমনি কষ্টের সাবেক ক্রিকেটারদের কাছেও। বিশেষ করে যারা বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরুটা কাছ থেকে দেখেছেন, তাদের আক্ষেপটা আরও গভীর।
১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম রান নেওয়া সাবেক অধিনায়ক আকরাম খান এ প্রসঙ্গে আবেগ লুকিয়ে রাখতে পারেননি। তিনি বলেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে তাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল। সেই মঞ্চে খেলতে পারার অনুভূতি যারা পেয়েছে, তারাই বোঝে এর মূল্য। যোগ্যতা থাকা সত্ত্বেও এবার বিশ্বকাপে খেলতে না পারাটা তাঁর কাছে খুবই হতাশার।
একই রকম মন খারাপ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারেরও। তার এখনও মনে আছে, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে-এই খবরে তিনি রাস্তায় নেমে উদ্যাপন করেছিলেন। সেই বাংলাদেশ এবার বিশ্বকাপে নেই। এটা তার কাছে হৃদয়বিদারক ঘটনা। বাংলাদেশ না থাকায় বিশ্বকাপ শুরুর কথাই নাকি ঠিকমতো মনে রাখতে পারেননি তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক শাহরিয়ার নাফীসও এবারের বিশ্বকাপ নিয়ে আগ্রহ হারিয়েছেন। তার মতে, বাংলাদেশ না থাকলে দর্শক হিসেবে খেলা দেখার আলাদা উত্তেজনাও থাকে না।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি তা মানেনি। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে এই টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।
বিশ্বকাপের অধিনায়কদের ছবিতে বাংলাদেশের পতাকা না থাকাটা সাবেক ক্রিকেটারদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। আকরাম খানের কথায়, টিভিতে খেলা দেখলেই মনে হবে-বাংলাদেশের পতাকাটাও তো সেখানে থাকার কথা ছিল।
এসএস/এসএন

