চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে
বাংলাদেশের যাত্রাশিল্প এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। প্রথিতযশা যাত্রাশিল্পী ও লেখক মিলন কান্তি দে আর নেই। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মিলন কান্তি দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যাত্রাশিল্প গবেষক আমিনুর রহমান সুলতান।
তিনি জানান, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যদের সান্নিধ্যেই নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

সৎকারের বিষয়ে এখনো পারিবারিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই তিনি শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি—একই সঙ্গে যুক্ত ছিলেন গবেষণা ও লেখালেখির কাজে। যাত্রাশিল্পের ইতিহাস, কাঠামো ও শিল্পীদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা নিয়ে তিনি রচনা করেছেন একাধিক গ্রন্থ, যার মধ্যে আত্মজীবনীও রয়েছে।
মিলন কান্তি দে ছিলেন শিল্পী ও লেখকসত্তার এক বিরল সমন্বয়। যাত্রামঞ্চে তার সক্রিয় উপস্থিতির পাশাপাশি কলমের মাধ্যমে তিনি যাত্রাশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন গভীর দায়িত্ববোধ নিয়ে। আমৃত্যু যাত্রার সঙ্গে যুক্ত থেকে এই শিল্পধারাকে সমৃদ্ধ করে গেছেন তিনি।
এই বরেণ্য শিল্পীর প্রয়াণে দেশের যাত্রাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, শিষ্য ও সংস্কৃতিমনস্ক মানুষদের কাছে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবেই বিবেচিত হচ্ছে।
এসকে/টিএ

