বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত
বিয়ের আসর পেরিয়ে এবার সংসারের আনুষ্ঠানিক শুরু। টলিপাড়ার পরিচিত মুখ প্রিয়াঙ্কা মিত্র এখন নতুন পরিচয়ে ঘরনী। জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-র এই অভিনেত্রী গত মঙ্গলবার অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। বিয়ের পর বৌভাতের অনুষ্ঠানে ধরা পড়েছে তাঁদের একেবারে ঘরোয়া, মিষ্টি খুনসুটিভরা কিছু মুহূর্ত, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।
বৌভাতের দুপুরে প্রিয়াঙ্কাকে দেখা যায় ঐতিহ্যবাহী সাজে। সবুজ রঙের সিল্ক শাড়িতে তিনি ছিলেন অনিন্দ্যসুন্দর। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন বাসন্তী হলুদ পাঞ্জাবি, যা উৎসবের আবহের সঙ্গে দারুণ মানিয়ে যায়। খাবারের টেবিলে ছিল নানা পদের আয়োজন, তবে সুস্বাদু খাবারের চেয়েও বেশি নজর কাড়ে টেবিলজুড়ে হাসিঠাট্টা আর পারিবারিক আড্ডা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে নবদম্পতির কথোপকথন। বিয়ের আগে সহজ সম্পর্কের টানে ‘তুই’ সম্বোধনে অভ্যস্ত থাকলেও, বিয়ের পর সেই অভ্যাস বদলানো নিয়েই তৈরি হয় মজার পরিস্থিতি। বিশেষ করে শ্বশুরবাড়ির বড়দের সামনে স্বামীকে কী বলে ডাকবেন, তা নিয়ে তৈরি হয় হাসির রোল। প্রিয়াঙ্কা যখনই স্বাভাবিক ভঙ্গিতে পুরনো সম্বোধন ব্যবহার করতে যাচ্ছেন, ঠিক তখনই শাশুড়ির কড়া কিন্তু স্নেহভরা নজর।
শাশুড়ির স্পষ্ট নির্দেশ, এখন থেকে ‘তুই’ নয়, বলতে হবে ‘তুমি’। এই মিষ্টি শাসনে প্রিয়াঙ্কা খানিকটা লজ্জায়, খানিকটা অস্বস্তিতে পড়লেও মুখে লাজুক হাসি লেগেই ছিল। পাশে বসে পুরো দৃশ্য উপভোগ করছিলেন শুভ্রজিৎও। তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট, নতুন সম্বোধনের এই বদল তিনি বেশ আনন্দ নিয়েই গ্রহণ করছেন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, এমন খুনসুটিভরা শাশুড়ি আর হাসিখুশি পরিবেশে প্রিয়াঙ্কার নতুন সংসার নিঃসন্দেহে আনন্দেই ভরে উঠবে।
এসএস/এসএন

