‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’
‘বাংলাদেশ টাইমস’ নামে জনপ্রিয় একটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সংবাদকর্মীকে শনিবার সন্ধ্যায় আটক করে নিয়ে যায়। এমন খবর প্রকাশিত হওয়ার পর নানা মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ার মধ্যে 'টাইমস অব বাংলাদেশ' নামের তুলনামূলক কম পরিচিত ও নতুন একটি ইংরেজি দৈনিকের ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট করে পাঠকদেরকে 'বাংলাদেশ টাইমস' এর সাথে 'টাইমস অব বাংলাদেশ'-কে মিলিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়।
পোস্টটি নিচে হুবহু তুলে দেয়া হলো:
"‘বাংলাদেশ টাইমস’ এর কিছু সংবাদকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। অনেকেই বিভ্রান্ত হয়ে ‘টাইমস অব বাংলাদেশ’ অফিসে ফোন দিয়ে জানতে চাচ্ছেন আসল ঘটনা কী? সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’ ইংরেজি ভাষায় প্রকাশিত একটি জাতীয় দৈনিক। এর সঙ্গে ‘Bangladesh Times’ এর মত অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নেই। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।"
তবে পোস্টে ‘Bangladesh Times’-কে 'অনিবন্ধিত প্রতিষ্ঠান' হিসেবে উল্লেখ করা হলেও বাস্তবে তথ্য অধিদফতরের ওয়েবসাইটে ''নিবন্ধিত অনলাইন মিডিয়া তালিকা"-তে Bangladesh Times এর নাম রয়েছে।
অর্থাৎ, টাইমস অব বাংলাদেশ এর তথ্যটি অসত্য। [ https://archive.ph/YSgbI ]
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, সংবেদনশীল পরিস্থিতিতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে আরও ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। যাচাই ছাড়া এ ধরনের দাবি প্রকাশ পেলে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে।
টিকে/

