বাংলাদেশ টাইমস

আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

শেয়ার করুন:
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা ক্যালেন্ডারের অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করেছে। হাজিদের আগমনের আগেই প্রস্তুতি জোরদার ও কার্যক্রম সহজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য মক্কার আবাসন ও পবিত্র স্থানগুলোর সেবাসংক্রান্ত সব চুক্তি শতভাগ সম্পন্ন হয়েছে। 'নুসুক' প্ল্যাটফর্মের মাধ্যমে এসব চুক্তি চূড়ান্ত করা হয়। এখন পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন এবং নিজ দেশ থেকে সরাসরি ৩০ হাজার হজযাত্রী প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৭৩টি হজবিষয়ক দপ্তর প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে।

এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজের জন্য নিবন্ধিত সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতালগুলোতে চলছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ নিয়ে আজ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া এবার কেউ হজে যেতে পারবেন না। তাই প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে ভিসার আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এবং ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

সূত্র: গালফ নিউজ


ইউটি/টিএ

মন্তব্য করুন