© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ

শেয়ার করুন:
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১২ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের পূর্বে ডা. পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনি হলফনামায় ডা. পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এছাড়া এম বি বি এস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

ইউটি/টিএ

মন্তব্য করুন