© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ

শেয়ার করুন:
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে। তাদের দেশ পরিচালনার সক্ষমতা নেই। তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আর্থিক খাতে অনিয়ম বাড়বে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, তিনি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন এবং দীর্ঘদিন দলটির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বিএনপির ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে দলটি ছেড়েছেন। তার অভিযোগ, বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম বন্দর দখল ও ব্যাংক লুটপাটের মতো ঘটনা ঘটতে পারে।

১১ দলীয় নির্বাচনি ঐক্য নিয়ে সমালোচনার জবাবে এলডিপি সভাপতি বলেন, তাদের জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা বা ধর্মীয় অধিকার ক্ষুণ্ন হবে- এটি অপপ্রচার। কারও ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের সিদ্ধান্ত জানাবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিল্পাঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আনোয়ারা এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। কারখানা স্থাপনের পরও স্থানীয় শিক্ষিত তরুণদের কর্মসংস্থান হয়নি।

নির্বাচিত হলে নারীদের জন্য পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক বলেন, যারা মুখে সংস্কারের কথা বলে, কিন্তু ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, তাদের আওয়ামী লীগের মতো লালকার্ড দেখাবে জনগণ।

দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাঈল হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা ও নুরউদ্দীন জাহাঙ্গীর। আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, নেজামে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা জিয়াউল হুসেইন জিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার খেলাফত মজলিসের আমির হাফেজ মাহবুবুর রহমান হানিফ, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জুনু মিয়া প্রমুখ।

ইউটি/টিএ

মন্তব্য করুন