বিএনপি-ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত
১০:১৬ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে জামায়াত মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে একাত্মতা প্রকাশ করে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।
যোগদানকারী কয়েকজন জানান, দীর্ঘ চিন্তা-ভাবনার পর তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মতে, দলটি ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ সব বয়সী মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা দলটির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে।’ তিনি সবাইকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএস/এসএন